চুপচাপ চলে গেলো ‘বিজ্ঞান কল্পকাহিনি’ দিবস
২ জানুয়ারি, প্রখ্যাত বিজ্ঞান কল্পকাহিনি লেখক আইজ্যাক আসিমভের জন্মদিন। প্রতিবছর এই দিনেই ঘটা করে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল সায়েন্স ফিকশন ডে হিসেবে পালন করেন বৈজ্ঞানিক কল্পকাহিনির ভক্তরা।
দিনটিতে বিজ্ঞান কল্পকাহিনির ভক্তদের উৎসাহ ও আগ্রহ তৈরিতে আলোচনা, মেলাসহ নানা আয়োজন হয়ে থাকে। যুক্তরাষ্ট্রে দিনটি অবশ্য অনানুষ্ঠানিকভাবে পালিত হয়। বাংলাদেশেও তাই। শনিবার, বলতে গেলে কোনো ধরনের আয়োজন ছাড়াই চলে গেলো দিনটি।
কেননা, বাংলাদেশে দিবসটি ততটা পরিচিত নয়। তবে কিছু সংগঠন দিবসটিতে আলোচনার মাধ্যমে সামনে নিয়ে আসতে উদ্যোগ নিয়েছে। চেষ্টা করছে বিজ্ঞান কল্পকাহিনির পাঠকদের আরও উৎসাহ দিতে।
সূত্রমতে, সারা দেশে এখন নিয়মিত বিজ্ঞান কল্পকাহিনি লেখকের সংখ্যা ৩২ জন। চাহিদা থাকলেও বিশেষ করে মৌলিক বিজ্ঞান কল্পকাহিনির সংখ্যা একেবারেই অপ্রতুল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির সভাপতি মোশতাক আহমেদের মতে,বিজ্ঞান কল্পকাহিনির ঘরানায় বাংলাদেশ ক্রমেই এগুচ্ছে। দেশে হুমায়ূন আহমেদ লেখা শুরু করেন। আর মুহম্মদ জাফর ইকবাল অনন্য পর্যায়ে নিয়ে গেছেন। এর ফলশ্রুতিতে ২০১৮ সালে ৫৩টি, ২০১৯-এ ৫৮টি ও সর্বশেষ বইমেলায় ২০২০ সালে ৬৭টি বিজ্ঞান কল্পকাহিনির বই প্রকাশ হয়েছে।